বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকার মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌরসভার গোঁসাইপাড়া মহল্লার সাহাবুল হাসান (২০)। আহত তরুণের নাম উৎসব চক্রবর্তী (২০), তিনি একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে থাকা একটি দোকানের শাটারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মেহেদী হাসান ও সাহাবুল হাসানকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। নিহত সাহাবুল হাসানই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনজনই বন্ধু এবং চলতি বছর এইচএসসি পাস করেছেন।

বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, রাত ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত দুজনের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জিলাইভ/টিএসএন