ভারতের শুল্ক’ আরোপে পেঁয়াজের বাজারে অস্থিরতা । শনিবার এ ঘোষণা আসার পরই হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকায় মাত্র একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বাজারে সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ এমন অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজের কেজি ৭০ টাকা। যা দুইদিন আগেও ছিলো ৫৫ টাকা কেজি। দেশি পেঁয়াজের কেজি ৯৫ টাকা । যা গত দুইদিন আগেও বিক্রি হয়েছে ৭৫ টাকা কেজি।
ভারতের শুল্ক আরোপে পেঁয়াজের বাজারে অস্থিরতা
ভাটারা নুরের চালার সোহেল জেনারেল স্টোরের মালিক সোহেল রানা বলেন, হঠাৎ করে পেঁয়াজের পাইকারি বাজারে অস্থিরতা। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়লেতো আমাদের কিছু করার নেই।
তবে ক্রেতারা বলছেন, শুল্ক আরোপের খবরে দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। ৪০ শতাংশ শুল্কসহ এলসি করা পেঁয়াজ এখনো দেশে আসেনি। কিন্তু ভারত সরকারের এ ঘোষণার পরই বাংলাদেশের ব্যবসায়ীরা আগের দামে কেনা পেঁয়াজের দাম নতুন করে বাড়িয়ে দিয়েছেন। কাঁচামরিচের পর এখন পেঁয়াজের বাজারে অস্থিরতা। আমরা কোথায় যাবো।
তবে পাইকারী ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বাড়ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন গোডাউনে পণ্য নষ্ট হয়ে গেছে। একই কারণে বাজারে কয়েকদিন গাড়ি প্রবেশ করতে পারেনি। এতে বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বাড়তির দিকে।