পাথরঘাটায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ৩

বরগুনার পাথরঘাটায় যুদ্ধাপরাধের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৪)।সোমবার (৮ মে) সকাল ৭টার দিকে তাদের নিজ বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের ছয়েরাবাদ এলাকার মৃত নাদের আলী খানের ছেলে ফজলুল হক খান (৭০), মৃত আব্দুল করিমের ছেলে মো: ইউসুফ আলী (৭৫) ও পাথরঘাটা সদর ইউনিয়নের ছোটটেংড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৬৯)।

পাথরঘাটায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ৩

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মতিয়ার রহমান, শহীদ কর্ণধর মিস্ত্রি ও শহীদ মনহর মিস্ত্রি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞেসবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

 

মামলার বাদী মিজানুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বরগুনার পাথরঘাটায় মতিয়ার রহমান, কর্ণধর মিস্ত্রি ও মনহর মিস্ত্রি হত্যাকাণ্ডে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ওই মামলায় প্রধান আসামি করা হয় আবদুল মান্নান হাওলাদারকে।

এ মামলার অপর আসামিরা হলেন- সুলতান আহমদ, ফজলুল হক খান, ইউসুফ আলী, আবদুর রাজ্জাক ও হযরত আলী। ২০১৯ সালে মামলার পর প্রধান আসামি আবদুল মান্নান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এঘটনার প্রায় তিন বছর পর সোমবার সকালে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো.আরিফ হোসেন বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মামলায় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment