পশ্চিমাদের অবস্থান আমাদের সাহস যোগাচ্ছে: মির্জা ফখরুল

পশ্চিমাদের অবস্থান আমাদের সাহস যোগাচ্ছে: মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা একা নই। পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রে বিশ্বাসী, প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, এই লড়াইয়ে ইতোমধ্যে আমাদের অনেক প্রাণ গেছে, সহস্রাধিক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এতে এটাই প্রমাণ করে যে, এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারা সমস্ত ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত।

পশ্চিমাদের অবস্থান আমাদের সাহস যোগাচ্ছে: মির্জা ফখরুল

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।

ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র, ইইউ কাউকে তোয়াক্কা করছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা আবারো পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু আমরা সবাই এবার রাজপথে নেমে গেছি। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই।

তিনি আরো বলেন, যারা মাঠে আছে, তাদের মধ্যে হতাশা থাকে না। যুগপৎ আন্দোলন যারা করছি, তাদের মধ্যেও কোনো হতাশা নেই। আমাদের কত নেতাকর্মী জীবন দিচ্ছে। তবুও হতাশা নেই। বিজয় আমাদের হবেই।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাইছেন। বিনা ভোটারেই নির্বাচিত হবেন, সেটা তো হবে না। ২০১৪ তে যেটা পেরেছেন, ২০১৮ তে যেটা করতে পেরেছেন, ২০২৪ সালে সেই নির্বাচন আপনি (শেখ হাসিনা) করতে পারবেন না। কারণ মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আর সম্ভব হবে না।

দেশের প্রতি দায়িত্ববোধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরাও নির্বাচন চাই। তবে এবার আর যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। 

এ সময় রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে আবারো সরকার পতনের ডাক দেন মির্জা ফখরুল।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

Leave a Comment