নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে, সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।তিনি বলেন, একই সঙ্গে কোনোভাবেই রাস্তার পাশে চলাচলের বিঘ্ন ঘটিয়ে পশুর হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং প্রতিবছরের মতো সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করতে হবে।
নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে, সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ
সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।কোরবানির জন্য রাজধানীতে গত কয়েকবারের মতো সিটি কর্পোরেশন থেকে জায়গা নির্দিষ্ট করা হবে। মসজিদের ইমামরা কোরবানির নিয়ম ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিয়মিত জানাবেন।
দেশের সিটি করপোরেশনগুলোর আওতায় থাকা বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পরিপত্র জারি করা হবে।তাজুল ইসলাম জানান, এ ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলোর মধ্যে ছাদবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজনন যাতে না হয়, সে ব্যবস্থা রাখার মতো বিষয় থাকতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাড়ির ছাদে বাগান করলে গৃহকরে ছাড় দেয়ার বিষয়ে আবেদনটি করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।তাজুল ইসলাম বলেন, এখন সব সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রেই বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ গৃহকর ছাড় দেওয়ার বিষয়টি প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত হয়েছে।