পরিবারকেন্দ্রিক ডেন্টাল বীমা জালিয়াতি

লন্ডনের একটি পারিবারিক ডেন্টাল ক্লিনিককে ঘিরে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ডের বেশি স্বাস্থ্যবীমা জালিয়াতির ঘটনা যুক্তরাজ্যের চিকিৎসা ও বীমা খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। দীর্ঘ তদন্ত ও চার সপ্তাহের বিচার শেষে সাবেক এক দন্তচিকিৎসক এবং তাঁর দুই প্রাপ্তবয়স্ক সন্তানকে প্রতারণা ও ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। মামলাটি পরিচালনা করে সিটি অব লন্ডন পুলিশের ইনসিওরেন্স ফ্রড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (আইএফইডি)।

দণ্ডপ্রাপ্তরা হলেন ৬৩ বছর বয়সী বোজেনা রাক-লাটোস, তাঁর ছেলে কাসপার লাটোস (৩৬) এবং মেয়ে ম্যাগডালেনা লাটোস (৩৩)। উড গ্রিন ক্রাউন কোর্টে চার সপ্তাহব্যাপী বিচার শেষে আদালত রায় ঘোষণা করে। বোজেনা রাক-লাটোসকে ২৪ মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তাঁকে ১৮০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ করার নির্দেশ দেওয়া হয়। তাঁর মেয়ে ম্যাগডালেনাকে ১৮ মাসের স্থগিত দণ্ড ও ১৫০ ঘণ্টা এবং ছেলেকে ২০ মাসের স্থগিত দণ্ড ও ৯০ ঘণ্টা সামাজিক কাজের আদেশ দেওয়া হয়েছে।

আদালতে উঠে আসে, উত্তর লন্ডনের ফিঞ্চলিতে অবস্থিত ‘ডায়মন্ড ডেন্টাল অ্যান্ড মেডিকেল ক্লিনিক’ নামে পরিচিত প্রতিষ্ঠানটির আড়ালে এই প্রতারণা পরিচালিত হয়। BRL Dentos নামের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আগস্ট ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ‘সিম্পলি হেলথ’-এর কাছে মোট ৩ লাখ ৫৬ হাজার ৫৮৭ পাউন্ডের চিকিৎসা দাবি জমা দেওয়া হয়। এর মধ্যে ১ লাখ ৪১ হাজার ৬১৮ পাউন্ড বীমা প্রতিষ্ঠান পরিশোধ করে।

তদন্তে দেখা যায়, এই দাবিগুলো ১১৩টি বীমা পলিসির সঙ্গে যুক্ত ছিল, যা সাতটি ভিন্ন কোম্পানির নামে খোলা হয়। রোগীদের মিথ্যাভাবে ওই কোম্পানিগুলোর কর্মচারী হিসেবে দেখানো হয়, যাতে তারা করপোরেট ডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা পেতে পারে। বাস্তবে এসব রোগীর বড় অংশেরই ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।

মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল বোজেনা রাক-লাটোসের ভূমিকা। তিনি ২০১৮ সালে পোল্যান্ডে আগের একটি জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যুক্তরাজ্যের জেনারেল ডেন্টাল কাউন্সিল থেকে আজীবনের জন্য বরখাস্ত হন। তবু তিনি সরাসরি চিকিৎসা না করলেও সন্তানদের মাধ্যমে ক্লিনিকের নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং পর্দার আড়াল থেকে পুরো প্রতারণা পরিচালনা করেন।