ব্রাজিল জাতীয় দলের তারকা খেলোয়াড় নেইমার, যিনি আগের তিনটি বিশ্বকাপে দলের প্রাণভোমরা হিসেবে দাপট দেখিয়েছেন, এবার ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূল সমস্যা হলো তার হাঁটুর চোট। বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে নেইমার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সকালে তার ক্লাব সান্তোস লিগের শেষ ম্যাচ খেলেছে ক্রুজেইরোর বিরুদ্ধে। ৩–০ গোলের জয় নিশ্চিত করেছে দলকে অবনমন থেকে রক্ষা, পাশাপাশি মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় অংশ নেওয়ার সুযোগও নিশ্চিত হয়েছে।
নেইমার ২৫ নভেম্বর হাঁটুর মেনিসকাসে চোট পান। এর পরও তিনি খেলে গেছেন এবং ৫ গোল ও ১ অ্যাসিস্টের মাধ্যমে দলকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন। আজ ম্যাচ শেষে তিনি ঘোষণা করেন, এবার হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
নেইমার সাংবাদিকদের বলেছেন, ‘আমি এসেছি যতটা সম্ভব সাহায্য করার জন্য। এটি আমার জন্য কঠিন কয়েকটি সপ্তাহ ছিল। যারা আমাকে সমর্থন করেছে, তাদের ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া আমি খেলা সম্ভব হত না। এখন বিশ্রাম প্রয়োজন, এরপর অস্ত্রোপচার হবে।’
২০১৩ সালের পর থেকে বিভিন্ন চোটের কারণে ব্রাজিল জাতীয় দলে নেইমারের খেলা সীমিত হয়েছে। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলে খেলতে পারেননি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, নেইমারকে জাতীয় দলে ফিরতে হলে পুরোপুরি ফিট থাকতে হবে।
এজে