নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জি এম কাদের

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জি এম কাদের।যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জি এম কাদের

তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে- সেখানে সহিংসতা হতে পারে। নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আন ফেয়ার হলো তা বোঝা যায় না। 

তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুুুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত নেইনি। 

নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এমন কোন প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ্য হয়, তবেই আমরা বিবেচনা করবো। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরো কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই। 

জি এম কাদের বলেন, এনডিআই এবং আইআরআই প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা আমাদের নির্বাচনপূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে কখন কিভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চেয়েছেন তারা। 

সোমবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

Leave a Comment