আ.লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি, ইইউকে জানাল দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার কথা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। শনিবার (১৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি বিষয়টি জানায়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে সারাবিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। কেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এখানে এসে নির্বাচন নিয়ে তাদের মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না। কেন বাংলাদেশে আসতে হচ্ছে? এটা সবার মনে প্রশ্ন। তাদের মনেও হয়ত একই প্রশ্ন কেন এখানে আসতে হচ্ছে।
আ.লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি, ইইউকে জানাল দলটি
তিনি বলেন, স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্য নয় এটাই তার ভিত্তি। সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের নজর দিয়েছে।
আমির খসরু বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছে। তারা জানতে চাইছে আগামী দিনে নির্বাচন আদৌ জনগণের ভোটের মাধ্যমে হবে কি না। আর আমাদের পক্ষ থেকে যেটা সবসময় বলে আসছি, দেশের মানুষ ও বিশ্ব বলছে, এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

নির্বাচনের দিন তো দূরের বিষয়, এখনি নির্বাচনের ভোট চুরি চলছে মন্তব্য করে তিনি বলেন, এখনি ডিসিদের, পুলিশের পোস্টিং হচ্ছে। বিএনপি নেতাদের গ্রেপ্তার চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। বিএনপির নেতাকর্মীদের মামলা ত্বরান্বিত করে সাজা দিচ্ছে। যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে। অর্থাৎ ভোট চুরি প্রত্যেকদিন চলছে বাংলাদেশে।
বিএনপি নেতা বলেন, আগামীতে তারা নিয়ন্ত্রণ করে ভোট চুরি করবে। স্বাভাবিক এই বিষয়গুলো আলোচনায় এসেছে। আমরা বলেছি, এই অবৈধ সরকারের অধীনে দেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না। তাদেরকে প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। তাদের সরকার নির্বাচন করতে পারবে না। বিষয়গুলো সবার জানা আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিষয়গুলো যেহেতু আলোচনা আসছে, তাই বারবার বলতে হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্যাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।