দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট: মির্জা ফখরুল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের অতর্কিতে হামলার নিন্দা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন।তিনি বলেন, আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর সরকারি মদদে পুলিশ হামলা চালিয়ে আবারো এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল।
দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট: মির্জা ফখরুল
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হামলা চালিয়ে ৩০-৪০ জন আইনজীবীকে গুরুতর আহত করা হয়েছে। আইনকে হাতের মুঠোয় নিয়ে পুলিশ বাহিনী দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিল।
তিনি বলেন, আজ পুলিশের এই হামলার মধ্য দিয়ে অবৈধ সরকারের এক হিংস্র আগ্রাসনের আরো একটি রূপের বহিঃপ্রকাশ ঘটল। সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত বিবেচনাহীন। অন্তহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসেই ভরসা করছে বেশি। তাই গুন্ডামির এই নতুন রূপ দুঃশাসনকে টিকিয়ে রাখার ইঙ্গিতবহ। আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।
বিএনপি মহাসচিব বলেন, পুলিশ এখন শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীর নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থি আইনজীবীদেরও। তাদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পুলিশের হামলায় আহত আইনজীবীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।