দেশের সভ্যতা, কৃষ্টি-কালচার সব ধ্বংস করেছে সরকার: রিজভী।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি মনে করেন তিনি এবং তার দলের নেতাকর্মীরা ছাড়া আর কেউ থাকবে না। তিনি (শেখ হাসিনা) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বলেছেন, ‘গুরুতর অসুস্থ, কখন মরে যায়, এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে।’ এ ধরনের কথা কোন ভদ্র মানুষ বলতে পারেনা। তিনি (শেখ হাসিনা) তো মিথ্যাকে মিথ্যা মনে করেন না। তিনি যে অনর্গল মিথ্যা বলেন সেটাতে তিনি গর্ব করেন।
দেশের সভ্যতা, কৃষ্টি-কালচার সব ধ্বংস করেছে সরকার: রিজভী
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) মনে করেন উনার বাবা ছিলেন রাজা, উনি হলেন রাজকন্যা। এখন উনি রাজার সিংহাসনে বসে আছেন। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, গুম করা হবে।
বিএনপির এই নেতা বলেন, এ বছর আমরা বেগম জিয়ার জন্মদিন পালন করলাম ৭৮তম। আর উনি (শেখ হাসিনা) সেটাকে ৮০তে নিয়ে গেলেন। পত্রপত্রিকায় দেখলাম শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। বেগম খালেদা জিয়া ৭৮ বছর বয়স আর শেখ হাসিনার ৭৭ বছর বয়স। তাহলে তিনি কি ৭৭ বছরের কিশোরী? তিনি যদি ৭৭ বছরের কিশোরী বা যুবতী হন তিনি কি মারা যাবেন না?

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।