ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিচ্ছে বিএসএমএমইউ, জানালেন উপাচার্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শনিবার ‘ডেঙ্গুবিরোধী সামাজিক ‘আন্দোলন চাই’ শিরোনামে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা জানান।উপাচার্য বলেন, বিএসএমএমইউতে ডেঙ্গু ভ্যাকসিনের বিষয়ে গবেষণা করে তৈরির ব্যাপারে আমরা উদ্যোগ নেব।

ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিচ্ছে বিএসএমএমইউ, জানালেন উপাচার্য
টিকা তৈরির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করার নির্দেশনা দেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।তিনি বলেন, আমাদের দেশে সারাবছর ডেঙ্গু নিয়ে কাজ হয় না বলেই আজ এ অবস্থা। স্বাস্থ্যসেবা বিষয়ে যে কোনো কাজ, গবেষণা করার জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে আমরা ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলবো। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএমএমইউর চিকিৎসকরাও কাজ করবেন।
উপাচার্য বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগটা ভালো। মানুষকে সচেতন করতে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। তিনি বলেন, সবাইকে জানাতে হবে, এখন ডেঙ্গুর ধরন পাল্টেছে। আগে দিনে মশা কামড়াতো, এখন ২৪ ঘণ্টা কামড়ায়। আগে পরিষ্কার পানিতে মশার লার্ভা পাওয়া যেতো, এখন ময়লা পানিতেও পাওয়া যায়।
