রোহিঙ্গাদের ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস বুধবার রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক’ সহায়তা হিসেবে এটা দেওয়া হচ্ছে।
রোহিঙ্গাদের ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া
কোরিয়ান দূতাবাস জানায়, বাংলাদেশে থাকা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে দেওয়া হবে।
দূতাবাস বলছে, দক্ষিণ কোরিয়া ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য বছরে গড়ে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া অব্যাহত রেখেছে। জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ছয় বছর ধরে কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।
কোরিয়া বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপকে সমর্থন করে দক্ষিণ কোরিয়া। দেশটি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।