বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার হিসেবে পরিচিত মোহাম্মদ আশরাফুল। কার্ডিফে ‘মাইটি অজিদের’ হারানো থেকে শুরু করে বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়া দলের বিপক্ষে অভিষেক জয়ের মতো প্রথমদিকে বাংলাদেশের বহু ঐতিহাসিক জয়ে তার নাম জড়িত। যদিও ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিসহ বিভিন্ন বিতর্কে এক সময় বিস্মৃতির কোলে হারাতে বসেছিলেন আশরাফুল, কিন্তু এবার ক্রিকেট কোচিংয়ে নাম লিখিয়ে নতুন পরিচয় তৈরির চেষ্টা করছেন এই টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সেই ধারাবাহিকতায় এবার তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
কয়েকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব সামাল দিলেও টাইগারদের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স তাকে সমালোচনার মুখে ফেলেছিল। সাবেক অধিনায়ক আশরাফুলের নাম সম্ভাব্য ব্যাটিং কোচ হিসেবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এবং অবশেষে তা সত্যি হয়েছে। ৩ নভেম্বর বোর্ডের মিটিংয়ে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে আশরাফুলকে দায়িত্ব দেয়া হয়েছে শুধুমাত্র ১১ নভেম্বর থেকে বাংলাদেশের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে দুই টেস্ট সিরিজের জন্য। ২৭ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলের পারফরম্যান্স অনুযায়ী নির্ধারিত হবে তার ভবিষ্যৎ চুক্তি বাড়ানো হবে কি না।
আশরাফুলকে নিয়োগের খবর প্রকাশের পর দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ব্যাটিং প্রতিভা বরাবরই আলোচিত হলেও ধারাবাহিকতার অভাব এবং অতীতের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে সমালোচনার বিষয়ও রয়েছে।
জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন বোর্ডের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বিসিবি ও সাবেক সতীর্থ আশরাফুলকে খোঁচা দিয়েছেন। প্রথমে তিনি ‘বাংলাদেশ ক্রিকেট’ লিখে পাশে ব্যাট-বলের ইমোজি দিয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে আরও একটি পোস্টে লিখেছেন, “দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড…বাংলাদেশ ব্যাটিং কোচ,” সাথে কৌতুকপূর্ণ হাসির ইমোজি দিয়েছেন।
সবশেষ ৪ নভেম্বর তিনি আরেক পোস্টে লিখেছেন, “যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব নয়।”
বিসিবি আশরাফুলকে নিয়োগের পেছনে যুক্তি হিসেবে দেখিয়েছে তার খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতা এবং কোচিং কোর্সের প্রশিক্ষণ। পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “আশরাফুলের অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি প্রিমিয়ার লিগ ও বিপিএলে কোচিং করছেন এবং লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন।”
আশরাফুল এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন এবং গ্লোবাল সুপার লিগ জয় উপভোগ করেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের এই প্রথম সুপারস্টার।
