জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার: রিজভী। আমাকে ক্ষমতা থেকে সরানের চেষ্টা করা হচ্ছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আপনাকে ক্ষমতায় আনা এবং রাখার দায়িত্ব হচ্ছে জনগণের। আপনি তো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা যাতে সুষ্ঠু ভোটে অংশ গ্রহণ করতে না পারে।
তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) একতরফা নির্বাচন করার জন্য, নিশিরাতের ভোট করার জন্য কত ষড়যন্ত্র করছেন সেটা কি জনগণ জানে না? আপনি নিজেই ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারী আপনার মুখে এই কথা শুনলে জনগণের অট্রহাসি দেয়া ছাড়া আর কিছুই করার থাকে না।বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার: রিজভী
আজকে সারা জাতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত জানিয়ে রিজভী বলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়েও কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। কেন ১৫ ই আগস্টের প্রাক্কালে তিনি মারা গেলেন হার্ট অ্যাটাকে? এটা নিয়ে অনেকেই বলছেন একটা সন্দেহ তো দানা বাঁধেই। দেলওয়ার হোসেন সাঈদী সাহেব হঠাৎ করে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেলেন।
তিনি বলেন, যে ডাক্তাররা তার ফাঁসির জন্য স্লোগান দিয়েছেন তাদেরকেই নিয়োজিত রাখা হয়েছিল তার চিকিৎসার জন্য। এটা কি সন্দেহ করার কারন হতে পারে না?

বিএনপির এই মুখপাত্র বলেন, আমাদের অনেকেরই সন্দেহ হয় শেখ হাসিনার মত এই রকম নিষ্ঠুর স্বৈরশাসক ক্ষমতায় থাকলে কত ষড়যন্ত্র হয়। আমরা দেখলাম বেগম জিয়াকে যখন কারাগারে নেয়া হয় তখন তিনি কতটা স্বাভাবিক ছিলেন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ কেন? সরকার কারগারের মধ্যে তার খাবারের মধ্যে কোন কিছু মিশিয়েছেন কিনা এটা নিয়ে জনগণ আজকে সন্দিহান।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের আরো করতে হবে। আজকে জীবন যন্ত্রনায় ভূগছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন মাস্টার, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।পরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরানীগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন রিজভী।