ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ রাখার অভিযোগ কাসিম খানের

পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ এবং অমানবিক অবস্থায় রাখা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন তার ছোট ছেলে কাসিম খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কাসিম জানান, তার বাবাকে বর্তমানে একটি ‘ডেথ সেল’-এ রাখা হয়েছে এবং গত ছয় সপ্তাহ ধরে তার জীবিত থাকার কোনো প্রমাণ পরিবারকে দেওয়া হয়নি।

কাসিম খান উল্লেখ করেন, ইমরান খান গত ৮৪৫ দিন ধরে কারাগারে রয়েছেন। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পাকিস্তান সরকার এবং জেল কর্তৃপক্ষ পরিবার বা আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এই পরিস্থিতিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা’ হিসেবে বর্ণনা করেছেন। কাসিমের মতে, এক মাসেরও বেশি সময় ধরে কোনো ফোন কল বা সাক্ষাতের সুযোগ না পাওয়াটা চরম মানবাধিকার লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ইমরান খানের নিরাপত্তা নিয়ে পরিবার অত্যন্ত শঙ্কিত। কাসিম সতর্ক করে দিয়েছেন যে, তার বাবার শারীরিক অবস্থা বা নিরাপত্তার কোনো ক্ষতি হলে পাকিস্তান সরকার এবং তাদের পেছনের কুশীলবরা আন্তর্জাতিকভাবে দায়ী থাকবেন। তিনি আরও জানান, ইমরান খানকে কোনো প্রকার আলো বা বাতাসহীন ছোট প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছে, যা আন্তর্জাতিক বন্দি অধিকারের পরিপন্থী।

যুক্তরাজ্যে বসবাসরত কাসিম ও তার বড় ভাই সুলাইমান সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও, বাবার এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে ইমরান খানের জীবিত থাকার প্রমাণ (Proof of Life) দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পিটিআই-এর আন্দোলন দমনে ইমরান খানকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই এই ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে। কাসিম তার বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে পাকিস্তানের এই ‘অঘোষিত একাকী কারাবাস’ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জিলাইভ/টিএসএন