ছেলেকে জবাই করে হত্যা, বাবা গ্রেপ্তার। বাবাকে কেটে টুকরো টুকরো করার হুমকি মেনে নিতে না পেরে ক্ষোভে ছেলের কেনা চাপাতি দিয়েই ছেলে আশরাফুল আল’কে (৩৩) জবাই করে হত্যা করেছে বাবা ওমর ফারুক সবুজ (৬০)। এ ঘটনায় গাজীপুর পিবিআই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে।
সোমবার (০৮ মে) বিকেলে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান বিষিয়টি জানান। এর আগে রোববার (৭ মে) দিবাগত রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দুরা গ্রামের আসামির মামা শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছেলেকে জবাই করে হত্যা, বাবা গ্রেপ্তার

সোমবার (০৮ মে) দুপুরে তাকে গাজীপুর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আহসান হাবিবের আদালতে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআই’র পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান নিহতের মা’র বরাত দিয়ে জানান, আসামির বড় ছেলে আশরাফুল আলম উশৃঙ্খল এবং মাদকাসক্ত ছিল। সে মাঝেমধ্যে তার বাবা-মায়ের বাসায় এসে নেশার জন্য টাকা চাইতেন। টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার (৫ মে) বাসায় এসে বাবা-মা’র কাছে টাকা দাবী করে। টাকা না দিলে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
তিনি আরো বলেন, পরে ওইদিন রাত সাড়ে ৮টায় আশরাফুল স্থানীয় বাজার থেকে ধারালো চাপাতি কিনে এনে ভয় দেখায় এবং তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা চায়। টাকা দিতে না চাইলে সে তার ক্রয়কৃত চাপাতি দিয়ে মা-বাবাকে খুন করার হুমকি দেয়। পরে ওইদিনই রাত সাড়ে ৩টায় আশরাফুল আলমের পাশে থাকা ধারালো চাপাতি দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে জবাই করে হত্যা করে তার বাবা।
পরে পাশের রুমে থাকা স্ত্রীকে ফোন করে দ্রুত ঘর থেকে বের হতে বলে। দ্রুত বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে তার স্ত্রীকে জানায় ছেলের কেনা চাপাতি দিয়েই তাকে জবাই করে হত্যা করেছে।
ভিকটিমের মা দিলুয়ারা আক্তার আঙ্গুরা তার স্বামী ওমর ফারুককে আসামি করে মামলা দায়ের করলে পিবিআই প্রধান কার্যালয়ের নির্দেশে গাজীপুর পিবিআই মামলার ছায়া তদন্ত শুরু করে। পরে আসামি ওমর ফারুক সবুজকে রোববার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।