কুমিল্লায় অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেন কারাগারে

কুমিল্লায় ‘ছাত্রলীগ’ পরিচয়ে গ্রেপ্তার হওয়া অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এর ফলে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) শুরু হওয়া তার বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। ইমরান নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেপ্তারের পর থেকেই সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।

গত সোমবার গভীর রাতে পুলিশ চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে ইমরানকে বাড়ি থেকে তুলে নেয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠায়। পুলিশ জানায়, এসআই আলমগীর হোসেন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫ জনের নামসহ ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে, যেখানে ইমরান ৬ নম্বর আসামি। এজাহারে তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মনতলী ব্রিজ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ৫০–৬০ জন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও মশাল মিছিল আয়োজন করেন। পুলিশ ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে, এরপর তার দেওয়া তথ্যে ইমরানসহ অন্যদের নাম পাওয়া গেছে।

তবে ইমরানের পরিবার অভিযোগ অস্বীকার করেছে। তার বাবা ইসহাক মিয়া বলেন, পরিবার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। রাত ৩টার দিকে হঠাৎ পুলিশ ছেলেকে ধরে নিয়ে গেছে। পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলেও কোনো সহায়তা পাননি, আদালতও জামিন দেননি। স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার জানান, ইমরান নিয়মিত ছাত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত—এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি ইমরানের মুক্তি দাবি করেন।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, তাদের কাছে ইমরানের কোনো ছবি বা ভিডিও নেই, তবে ওই রাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনের তথ্য অনুযায়ী ইমরানের পরিচয় নিশ্চিত হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, অভিযোগ প্রমাণিত না হলে চার্জশিটে তার নাম থাকবে না।

টিএসএন