খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত জানা যাবে আজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা জানার জন্য বেশ কয়েকটি টেস্টের স্যাম্পল দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রিপোর্ট হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
বুধবার (৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক চেকআপ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত জানা যাবে আজ
এর আগে রাত ৭টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এদিন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
এ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এন্দান্দার উপস্থিত ছিলেন।

গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।