কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার। টাঙ্গাইলের মধুপুরে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে পৌরসভার বোয়ালী গ্রামের পরিত্যক্ত ঘরের আড়ার সাথে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় আবু সাইদ (১৭) নামক কোরআনে হাফেজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভা বোয়ালী গ্রামের ব্যবসায়ী স্বজন কসমেটিকস এর মালিক শহিদুল ইসলামের ছেলে।
কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিতা শহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে আবু সাইদ বাসা থেকে বের হয়ে যায়, এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজির পর ১৯ সেপ্টেম্বর রাতে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বুধবার সকালে পরিত্যক্ত বাসার খোলা রুম থেকে গলায় রশি পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত আবু সাইদ সম্প্রতি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া এতিমখানা ও হেফজ মাদ্রাসা থেকে হেফজ পাশ করার পর তাকে দোকানে বসিয়ে দেন। কিন্তু তিনি দোকানে কাজে মনোনিবেশ না দিয়ে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন। বেশ কিছুদিন যাবত সে কারো সাথে কথা বলতেন না। এই মোবাইলে অতিরিক্ত আসক্তিই আত্মহত্যার কারণ হতে পারে বলে তার পিতা জানান।
পৌরমেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ও এসআই হুমায়ুন ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।