কুয়াশায় দৃশ্যমানতা কম, সৈয়দপুরে ফ্লাইট দেরিতে চলছে

নীলফামারীর সৈয়দপুরে কুয়াশা ঘন হওয়ায় দৃশ্যমানতা কমে গেছে, ফলে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আজ রবিবার সকালে নির্ধারিত সময়ের তুলনায় ফ্লাইটগুলো দেরিতে ছাড়ছে ও নামছে, যাত্রীরা এতে ভোগান্তিতে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও ঘনীভূত হচ্ছে, যা ফ্লাইট চলাচলে প্রভাব ফেলছে।

যাত্রী মমতা বেগম বলেন, তাঁকে সকাল ১১টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হত, কিন্তু নভোএয়ারের সকাল সাড়ে নয়টার ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। ইউএস–বাংলার ফ্লাইটও নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সকাল ৯টা ২৪ মিনিটে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, অধিকাংশ ফ্লাইটই আজ প্রায় আধা ঘণ্টা বিলম্বে চলছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। কুয়াশা কেটে গেলে সার্বিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

টিএসএন