ফুটবলে উন্নত প্রযুক্তির প্রভাব বাড়ছে বহু বছর ধরে, তবে কিলিয়ান এমবাপের সাম্প্রতিক সিদ্ধান্ত বিষয়টিকে আরও বাস্তব করে তুলেছে। রিয়াল মাদ্রিদের অনুশীলনে তিনি হাজির হয়েছেন মেটা ভ্যানগার্ড এআই–চালিত স্মার্ট গ্লাস পরে—যা অ্যাথলেটিক পারফরম্যান্স বিশ্লেষণে নতুন সম্ভাবনার দরজা খুলছে।
গ্লাসটি শুধু ভিডিও ধারণই করে না; এর এআই অ্যালগোরিদম চলন্ত অবস্থায়ই তথ্য বিশ্লেষণ করে। স্পিড, অ্যাকসেলারেশন, শটের এঙ্গেল, শরীরের নড়াচড়া ও রিদম—এসব ডেটা রেকর্ড হয় মিলিসেকেন্ডে। ওকলে প্রিজম লেন্স মাঠের দৃশ্য আরও পরিষ্কার করে, আর হ্যান্ডস–ফ্রি ক্যামেরা শট নেওয়ার সময় হাতের দখল হস্তক্ষেপ করে না।
এমবাপের মতো টপ–লেভেল অ্যাথলেটদের জন্য এই প্রযুক্তি গেম–চেঞ্জার। কারণ তারা প্রতিটি ভুল থেকে তাত্ক্ষণিক শিখতে পারেন। স্ট্রাভা, জার্মিনের মতো বিশ্লেষক প্ল্যাটফর্মে ডেটা সিঙ্ক হয়ে যায় বলে কোচিং টিমও পান উন্নত পরিসংখ্যান।
ব্রোবাইবেলকে তিনি বলেন,
“আমি এমন কিছু খুঁজে বেড়াই যা আমাকে সামান্য হলেও এগিয়ে রাখে। প্রযুক্তি আর পারফরম্যান্সের মিলনে এই গ্লাসটি এক নতুন যুগের শুরু।”
অন্যদিকে জাতীয় দলের হয়ে এমবাপের সাম্প্রতিক ফর্ম অসাধারণ। ইউক্রেনকে ৪–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে তার জোড়া গোল তাকে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি দিয়েছে। মাত্র এক ম্যাচ দূরে তিনি ছুঁতে পারেন জ্যাঁ-পিয়েরে পাপাঁর দীর্ঘদিনের রেকর্ড।
যদিও ইউক্রেন ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রাম তেমন মেলেনি—১২ ঘণ্টার মধ্যেই দলকে আজারবাইজানে ভ্রমণ করতে হয়। এমবাপে ও কামাভিঙ্গা চোটের কারণে সফরে যাননি। তবুও এমবাপে বিশ্বাস করেন এই ফরাসি দলই হতে পারে পরবর্তী বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল।
