এখন নতুন প্রতারকের উদ্ভব হয়েছে: কায়সার কামাল

বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশের মানুষ বিভ্রান্ত ও সন্দিহান হয়ে পড়ছে। দেশের সব কার্যকর রাজনৈতিক দলের সমন্বয়ে স্বাক্ষরিত জুলাই সনদ এখনো জাতির সামনে উপস্থাপন না করায় তিনি সরকারের সমালোচনা করেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই সনদটি উপস্থাপন না করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দেখেছি, শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিলেন, আর এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে—এটা জাতির জন্য লজ্জার।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল আরও বলেন, “জুলাই সনদের কিছু অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর ২৬০ দিনের মধ্যে যদি সংবিধানে সন্নিবেশ না করা হয়, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ তো দূরের কথা, বিশ্বের কোথাও এমন নজির নেই। তাই প্রতারণা বন্ধ করে অবিলম্বে স্বাক্ষরিত জুলাই সনদ জনগণের সামনে প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ ক্ষমা করে, কিন্তু কখনো ভুলে যায় না—ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন তারই প্রমাণ।”

নির্বাচন প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই ভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। কিন্তু সরকারের নানা কর্মকাণ্ডে জনগণের আস্থা নষ্ট হচ্ছে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এ নিয়ে বিলম্ব বা টালবাহানা আইনজীবী সমাজ মেনে নেবে না।”

বর্তমান আইন উপদেষ্টার সমালোচনা করে কায়সার কামাল বলেন, “দেশের মানুষ আইনের শাসনে বিশ্বাসী। কিন্তু বর্তমান আইন উপদেষ্টা প্রায়ই বিচার বিভাগ সম্পর্কে তির্যক মন্তব্য করছেন। আইনজীবী সমাজ এটি ভালোভাবে নিচ্ছে না। তিনি যদি এমন মন্তব্য অব্যাহত রাখেন, আইনজীবীরা রাস্তায় নামতে বাধ্য হবে।”

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েতুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্যসচিব মমরুজুল হাসান, আইনজীবী নেতা নূরুল হক, রেজাউল করিম চৌধুরী, মাসুদ তানভীর তান্না প্রমুখ।