ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, ১০ সাংবাদিক আটক

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় তুরস্ক কর্তৃপক্ষ ১০ সাংবাদিককে আটক করেছে। তুরস্কের সাংবাদিক ইউনিয়ন সোমবার এই তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপি এই খবর প্রকাশ করেছে।

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটক করে কর্তৃপক্ষ। বিক্ষোভটি তুরস্কের বিভিন্ন শহরে রাতভর চলতে থাকে এবং এই সময়েই সাংবাদিকরা আটক হন।

তবে, সাংবাদিকদের আটক করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রোববার, তুরস্কের আদালত ইস্তাম্বুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেন। এর পরপরই দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়।

অনেক শহরে সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা থাকার পরও রোববার পঞ্চম রাতেও তুরস্কের জনগণ শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন।

এদিকে, ইমামোগলুর বিরুদ্ধে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রতিবাদে নামার আহ্বান জানায়, যাদের দাবি, এটি রাজনৈতিক এবং অগণতান্ত্রিক।

তবে তুরস্ক সরকার দাবি করেছে যে, ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছে।

ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।