ইরান আগ্রাসনের ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের ব্যয় প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার ছুঁয়ে দিয়েছে। এটির প্রতিদিনের গড় ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৮৯ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। মূলত বিস্তৃত গোলাবারু, স্টিলথ বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহারের কারণে এই ব্যয় এত বড়।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, এই ১০০ ঘণ্টার ব্যয়ের মধ্যে মাত্র ২০ কোটি ডলার ছিল পূর্বনির্ধারিত বাজেটের আওতায়, বাকী ৩৫০ কোটি ডলার বাজেটের বাইরে। অর্থাৎ, পেন্টাগনকে অতিরিক্ত তহবিলের আবেদন করতে হতে পারে, যা রাজনৈতিক এবং নীতিগত চাপ তৈরি করতে পারে।

গবেষকরা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সীমিত তথ্য এবং কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমানকৃত ইউনিট খরচের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন। তারা সতর্ক করেছেন যে, সামরিক অভিযানের তীব্রতা বেড়ে গেলে বাজেটের বাইরে ব্যয় আরও বাড়তে পারে।

প্রাথমিক গোলাবারু ব্যবহারের খরচ (১০০ ঘণ্টা)

ব্যয় শিরোনামপরিমাণ / সংখ্যাখরচ (মার্কিন ডলার)
ব্যবহৃত গোলাবারুদ২,০০০+অন্তত ৩৭০ কোটি (মোট)
পুনঃমজুত খরচ২,০০০+৩১০ কোটি
প্রতিদিন বাজেটের বাইরের ব্যয়৭৫ কোটি ৮১ লাখ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছে, ইরানের ওপর বোমাবর্ষণ আরও বৃদ্ধি পেতে চলেছে, যার মধ্যে থাকবে ফাইটার স্কোয়াড্রন বৃদ্ধি, রক্ষণাত্মক সক্ষমতা সম্প্রসারণ এবং ঘনঘন বোমারু হামলা।

মানবিক পরিস্থিতিও ক্রমেই খারাপ হচ্ছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, আগ্রাসন শুরু হওয়ার পর অন্তত ১,৩৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮১ শিশু রয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে লেবাননে অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইরান, মার্কিন, ইসরায়েলি ও উপসাগরীয় আরব দেশগুলিতে আরও ২৬ জন প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষণকারীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের মধ্যে এই যুদ্ধে সমর্থন আরও কমতে পারে। বিশেষত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনো বিদেশি যুদ্ধে যুক্ত হবেন না, যা এখন সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি করছে।

সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মাত্র ১০০ ঘণ্টার মধ্যেই সামরিক অভিযান কতোটা ব্যয়বহুল এবং এর মানবিক ও রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত। পেন্টাগনের জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহ এবং অভিযানের দীর্ঘমেয়াদি পরিচালনা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।