ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন বাইডেন

ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন বাইডেন।শাটডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাস হওয়া বাজেট চুক্তিতে ইউক্রেনকে আরও সামরিক তহবিল দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রতিশ্রুতি প্রদান করলেন। এমনকি মার্কিন মিত্ররা তার এই প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন বাইডেন

দুই দিন আগে যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিলটি পাস হয়। তবে সেখানে কিয়েভের জন্য সামরিক সহায়তার ৬০০ কোটি মার্কিন ডলার অন্তর্ভুক্ত ছিল না। যদিও এটিই ছিল হোয়াইট হাউসের অন্যতম অগ্রাধিকার।

কট্টরপন্থি রিপাবলিকানরা ইউক্রেনে আরও সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছেন। অনেকে আবার এ বিষয়ে প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতাও করছেন। এই পরিস্থিতিতেই ইউক্রেনে মার্কিন সহায়তা অব্যাহত রাখার এ অঙ্গীকার ব্যক্ত করলেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেন মার্কিন সহায়তার ওপর ‘বিশ্বাস রাখতে পারে। আমরা কোনও অবস্থাতেই ইউক্রেনে মার্কিন সহায়তাকে বাধাগ্রস্ত হতে দিতে দেব না।’

টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করতে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর  যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেনে প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। তবে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের জন্য আরও ২৪০০ কোটি ডলার ছাড় করার অনুরোধ করেছেন।

Leave a Comment