আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ: ওবায়দুল কাদের । বিএনপি এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।রোববার (২১ মে) বিকেলে আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ: ওবায়দুল কাদের
তিনি বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। নেতাকর্মীদের বলব, তাদের প্রতিরোধ করতে হবে।
১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাইদ বাইরে আছেন বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।
সেতুমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুলের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আর রাজশাহীতে সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।