প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়া, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের গণমানুষের কথা ভাবেনি।’ রোববার(২০ আগস্ট) সকালে নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন, বাংলাদেশ তথ্য কমিশন ভবন উদ্বোধন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার জনগণের কথা ভাবেনি : প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘কোনো রাখঢাক নয়, জনগণের জন্য কাজ করে কেবল আওয়ামী লীগ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে টেলিডেনসিটি ১০৪ শতাংশে উন্নীত হয়েছে, যা অভাবনীয়। দেশকে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।’
সিনেমা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলকাতা থেকে এই উপমহাদেশে সিনেমার যাত্রা শুরু। আমাদের সিনেমা শিল্পের যাত্রা জাতির পিতার হাত ধরে। তিনি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় এফডিসি নির্মাণ করেন।

প্রধানমন্ত্রী বলেন. ‘সিনেমায় জনসাধারণের জন্য বার্তা থাকতে হবে। মাঝে পরিবার নিয়ে সিনেমা দেখা যেতো না। এখন তার পরিবর্তন হয়েছে। এখন আধুনিক প্রযুক্তিতে সিনেমা দেখানো হয়। হল মালিকদের সিনেপ্লেক্স তৈরির সুযোগ করে দিয়েছি আমরা। এখন ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, বিদেশে আমাদের সিনেমা প্রশংসা পাচ্ছে। চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়ে সুবিধার ব্যবস্থা আমরাই করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট আমরা গঠন করেছি। যন্ত্রশিল্পী থেকে শুরু করে সব শিল্পীদের সহায়তা করেছি। মানসম্মত সিনেমা নির্মাণের সব ব্যবস্থা করেছি। এফডিসি কমপ্লেক্স করছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময়ে তথ্যপ্রযুক্তি খাতে কিছুই হয়নি। ‘আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সবক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলছি। তথ্য চাওয়া ও পাওয়া মানুষের অধিকার।’

আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কথা ভাবেনি মন্তব্য করে তিনি বলেন, ‘জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সামরিক শাসন জারি করে যারা সরকারে এসেছিলো, তারা কখনোই গণমানুষের কথা ভাবেনি। ক্ষমতাকে ভোগ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার করা, এটাই তারা জানত।’
