অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগ

ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলার বাদী আমিরুল ইসলাম রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও তারা উপস্থিত হননি। এ কারণেই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারক।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেন। সেই বিশ্বাসে আমিরুল ইসলাম নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। পরবর্তী সময়ে মেহজাবিন ও তার ভাই ব্যবসা শুরুতে কোনো উদ্যোগ না নেওয়ায় তিনি টাকা চাইতে গেলে ‘আজকে দিব, কালকে দিব’ বলে সময়ক্ষেপণ করা হয়।

বিবরণে আরও বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবিন, তার ভাইসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন তিনি যেন আর কখনো তাদের বাসায় গিয়ে টাকা দাবি না করেন। পাশাপাশি তাকে বাসার সামনে দেখলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ সময় আমিরুল ইসলামকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে জানতে মেহজাবিন চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এসএস