অন্ধ ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা তোলে আ.লীগ : জিএম কাদের

আওয়ামী লীগের লোকেরা ফুটপাত থেকে চাঁদা তুলছে। তারা অন্ধ ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা তোলে। চাঁদার জন্য রাস্তাগুলো বিপণন কেন্দ্র করে ফেলেছে। কোটি কোটি টাকা চাঁদা তুলে আবার বণ্টন হয়।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

অন্ধ ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা তোলে আ.লীগ : জিএম কাদের

তিনি আরও বলেন, ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি চলছে। যেখানে গভর্নমেন্ট অব দ্য আওয়ামী লীগ, গভর্নমেন্ট বাই দ্য আওয়ামী লীগ এবং গভর্নমেন্ট ফর দ্য আওয়ামী লীগ। এটা কখনোই ডেমোক্রেসি হতে পারে না। আমরা চাই, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যে সরকার নিজেই নিজের ফলাফল ঘোষণা করতে পারে, তাকে নির্বাচিত সরকার বলা যায় না।

‘তত্ত্বাবধায়ক সরকার’ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে বলেছিলেন, আমরা চিরস্থায়ী ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছেন। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন সংবিধানসম্মত ছিল না। পরবর্তীতে সংসদে এর বৈধতা দেওয়া হয়েছে। ২০০৮ সালে ওয়ান ইলেভেনের সময় অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল তাও সংবিধানসম্মত ছিল না। আবারও নবম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল।’

এসময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি ৯ বছর দেশ পরিচালনায় মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করে অভূতপূর্ণ উন্নয়ন করেছে। যা বর্তমান বাজেটের এক বছরের খরচের মাত্র ১০ ভাগ।  

জাতীয় পার্টির শাসনামলে কোনো দুর্নীতি হয়নি বলে তিনি জানান।সভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জি এম কাদেরের প্রতি দেশের মানুষের আস্থা আছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। 

Leave a Comment