শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার: ফারুক খান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান রোববার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইইউভুক্ত ১০টি দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার সদস্যবিশিষ্ট অভিজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। দলটি নির্বাচন শেষ করে দেশ ত্যাগ করবে। বৈঠকে আওয়ামী লীগকে বিষয়টি জানিয়েছেন ইইউ’র ওই প্রতিনিধিরা।
শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার: ফারুক খান
রাষ্ট্রদূতদের সঙ্গে ভালো বৈঠক হয়েছে উল্লেখ করে ফারুক খান বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক; এটা একটা চমকপ্রদ ব্যাপার। আগামী কিছু দিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন সফরে যাচ্ছেন। সেখানে আমাদের সঙ্গে পার্টনারশিপ চুক্তি হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বৈঠকে মূলত আলোচনা হয়েছে- আগামী নির্বাচনে আওয়ামী লীগ কী পরিসরে, কী চিন্তায় অগ্রসর হচ্ছে? আমরা তাদের বলেছি যে, আমাদের সংবিধান অনুযায়ী কিছু দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপর নির্বাচন কমিশন ভোটের শিডিউল (তফসিল) ঘোষণা করবে এবং আমরা সেই মোতাবেক নির্বাচন করবো।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেনুফেস্টু কী হবে সেটি জানতে চাইলে তিনি বলেন, আমাদের মেনুফেস্টু সাধারণত দুইটি অংশ থাকে। প্রথম অংশে গত নির্বাচনে যে মেনুফেস্টু দেওয়া হয়েছিল সেটা আমরা কতদূর পূরণ করতে পেরেছি। পরের অংশে আগামী ৫ বছরে আমরা কী করতে চাই, এটা জানাবো।
এ ছাড়াও দেশের আগামী ক্লাইমেট চেঞ্জ, শিক্ষা, দেশের অন্যান্য ডেভেলপমেন্ট ও ইকোনমিক ক্রাইসিস নিয়ে আওয়ামী লীগ কী চিন্তাাভাবনা করছে; তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ফারুক খান।
বিএনপির দাবি প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি জানিয়ে ফারুক খান বলেন, বিএনপির কথা নিয়ে আমরা শুধু এতটুকু বলেছি যে, বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আশা করি, তারা আগামী নির্বাচনে অংশ নেবে। তবে সংলাপের বিষয়ে কোনও কথা হয়নি।
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ফারুক খান। এছাড়া উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী ও খালেদ মাসুদ আহমেদ।